The following poem in Bengali by Koustov Mukhopadhyay won Rs 25,000 in Wingword Poetry Competition 2025 (Regional Category).
এই নিষ্ঠুর পৃথিবীতে আমি এক আশ্রয় দেখেছি,
এই ব্যস্ত ভীরের মাঝে আমি আমার বাবাকে দেখেছি।
দিনের শেষে ক্লান্ত বেশে বাড়ি ফিরতে দেখেছি
হাসি মুখে মায়ের রাগ সহ্য করতে দেখেছি,
ভেঙে পড়া সব ঘরের মাঝে আমি এই পরিবারের সম্বল দেখেছি ..
আমি আমার ধৈর্যশীল বাবাকে দেখেছি।
দাদাভাই-এর ওপর রাখতে দেখেছি
আবার পরে তাকে ভালোবাসতেও দেখেছি
আমি আমার সংবেদনশীল বাবাকে দেখেছি।
আমাদের পড়াশোনার খরচ একা ওঠাতে দেখেছি
কখনো কারো কাছে কিছু চাইতে দেখিনি
আমি আমার আত্মসন্মানশীল বাবাকে দেখেছি।
অন্যের জন্য দামী জিনিস কিনতে দেখেছি
অথচ নিজের সেই পুরনো জুতো পরে থাকতে দেখেছি
আমি আমার সংযমী বাবাকে দেখেছি।
আমার বাবা অমিতাভ বচ্চনের বড় ভক্ত
তাকে মজার ছলে অমিতাভের সংলাপ বলতে দেখেছি
আবার কখনো কিশোরের গান-ও গুনগুন করতে দেখেছি,
অফিস থেকে ফিরে বেহালা বাজাতেও দেখেছি
আমি আমার শিল্পী বাবাকে দেখেছি।
আমাদের সব দুঃখ কষ্টে পাশে থাকতে দেখেছি
অথচ নিজের কষ্ট চুপ করে সহ্য করতে দেখেছি
আমি আমার সহনশীল বাবাকে দেখেছি।
সকাল থেকে সন্ধ্যা তাকে পড়তে দেখেছি
পদোন্নতির পরীক্ষায় দেশে অষ্টম হতে দেখেছি
আমি আমার দৃঢ় সংকল্পী বাবাকে দেখেছি।
পাড়াতে কোন ঝামেলা হলে তাকে ডেকে নিয়ে যেতে দেখেছি
কারুর দরকারে যে কোনো সময় তাকে এগিয়ে আসতে দেখেছি
আমি আমার পথ প্রদর্শক বাবাকে দেখেছি।
খালি সময়ে জীবনের অভিজ্ঞতাকে ছন্দে বাধতে দেখেছি
আমি আমার লেখক বাবাকে দেখেছি।
বাবাকে কখনো পূজো করতে দেখিনি
অথচ রোজ স্নান করে দাদু-দিদার ছবিতে ধূপ জ্বালতে দেখেছি
আমি আমার উপাসক বাবাকেও দেখেছি।
যাবার আগে আমি একটাই কথা বলতে চাই
পরের শতজন্ম তোমায় বাবা রূপেই পেতে চাই। ।